দিনাজপুরের হিলিতে আম খাওয়ানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে হিলির আলিহাট গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আজিজুর রহমান ওই গ্রামের মফিজ মণ্ডলের ছেলে।
শনিবার (১৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি নাজমুল হক।
তিনি বলেন, শুক্রবার দুপুরের দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী চাচা আজিজুর রহমান তাকে আম খাওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে যায়। পরে চিৎকার করলে শিশুটিকে ভয় দেখিয়ে ছেড়ে দেয়। সে বাড়িতে গিয়ে তার মাকে জানায়।
পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে গ্রামের লোকজন ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেন। তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় করা মামলায় শনিবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।